চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল সানতু বলেছেন, ষড়যন্ত্রকারীদের বলে দেবেন, ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যাগে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহতদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাইফুল ইসলাম সানতু বলেন, ফেসবুক-ইউটিউবে বিভিন্ন কনটেন্ট ছড়িয়ে আপনাদের ঐক্য বিনষ্ট করা হচ্ছে। আপনাদের ঐক্য যে বিনষ্ট করা হচ্ছে, এটা আপনারা খেয়াল করছেন না। আপনারা যদি এটা খেয়াল না করেন, শত্রুরা সুযোগ পেয়ে যাবে। মনে রাখতে হবে, এটা তাদের সাইবার ওয়ারফেয়ারের একটা অংশ। এই অংশকে আপনাদের প্রতিহত করতে হবে। শত্রুরা কিন্তু আবার আসার প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, আপনারা আপনাদের ভাইদের কখনো ভুল বুঝবেন না। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুদ্ধ করেছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। তাহলে কেউ আপনাদের পরাজিত করতে পারবে না। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের সঙ্গে আমরা যারা প্রশাসনে রয়েছি, তখন আমাদেরও কিন্তু একই পরিণতি বরণ করতে হবে।তিনি আরও বলেন, আপনারা যদি আপনাদের পরিণতি সঠিক চান, দেশটাকে যদি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত করতে চান, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে।









