ব্যথা পেয়েছেন লিওনেল মেসি, কবে মাঠে ফিরবে তা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা-গুঞ্জন। মেসি কবে ফিরবেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মাচেরানো। তবে ইউএনএমের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না, তা জানিয়েছেন মায়ামি কোচ।
এর আগে রোববার সকালে লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি, পরীক্ষা-নিরীক্ষার পর মায়ামির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন তিনি।
কাল বৃহস্পতিবার মেক্সিকান ক্লাব পুমাসের মুখোমুখি হবে মিয়ামি। এই ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে মেসির চোট নিয়ে মাচেরানো বলেছেন, ‘মেসির সঙ্গে কথা হয়েছে। ক্লাব সবকিছু পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে। খারাপ খবরের ভেতরে ভালো খবর হলো, আঘাতটা ছোটখাটো।’
মাচেরানো আরও বলেন, ফেরার বিষয়ে আমরা অনুমান করতে পছন্দ করি না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। চোট থেকে সাধারণত সে খুব ভালোভাবে ও দ্রুত সেরে ওঠে। দেখা যাক, কী হয়। তবে এটা সত্য নিশ্চিত যে বৃহস্পতিবারের ম্যাচে তাকে পাওয়া যাবে না। এরপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা দেখব, সে কেমন বোধ করছে, কতটা উন্নতি করছে। সেরে ওঠার পর আমাদের সঙ্গে যোগ দেবে।









