নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম মহানগরে কাল রবিবার থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। তবে এবার প্রতিলিটার সয়াবিন তেলে ১৫ টাকা, চিনির কেজিতে ১০ টাকা ও প্রতিকেজি মসুর ডালে ১০ টাকা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।আজ শনিবার টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিসপ্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ট্রাকসেলে লিটারে ১৫ টাকা বেড়ে প্রতিলিটার সয়াবিন তেল ১১৫ টাকা, কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি চিনি ৮০ টাকা ও কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি মসুর ডাল ৭০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অফিসপ্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আগামী ১০ আগস্ট থেকে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হবে। এবার সয়াবিন তেল, চিনি ও মসুর ডালের দাম বেড়েছে। ট্রাক থেকে যে কেউ পণ্য কিনতে পারবেন। সেক্ষেত্রে একজন ক্রেতা দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রির অর্ডার এখনো আসেনি। কার্ডধারীদের অর্ডার আসতে আরও কয়েকদিন লাগবে। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য পণ্যের দাম বাড়বে না।’
চলতি বছরের মে মাস থেকে ট্রাকে (সবার জন্য উন্মুক্ত) পণ্য বিক্রি বন্ধ করে টিসিবি। সে হিসেবে, তিন মাস পর পুনরায় ট্রাকে পণ্য বিক্রি চালু করবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এতদিন নগরীর ২০টি পয়েন্টে ২০টি ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ন্যায্যদামে পণ্য বিক্রি করা হতো। এবার নগরের ২৫টি পয়েন্টে পণ্য বিক্রি করবে টিসিবি।
আমারদেশ২৪ নিউজ।









