আমারদেশ২৪ ডেস্ক।
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় দেওয়া হবে বৃহস্পতিবার। এদিন রায় ঘোষণা করবেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের।
দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, “শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনের মামলার রায়ের দিন আজ ধার্য রয়েছে। আশা করছি, রায়ে তাদের সর্বোচ্চটাই (সাজা) আসবে।”এর আগে গত ৭ অগাস্ট রায়ের দিন ঠিক করা হয়।
সেদিন দুদকের পক্ষে কৌঁসুলি জাহাঙ্গীর যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। তবে প্রস্তুতি না থাকায় যুক্তিতর্কের শুনানির জন্য সময় আবেদন করেছিলেন পাপিয়া দম্পতির আইনজীবী শাখাওয়াত উল্লাহ ভূঁইয়া। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। ফলে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি।
শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন জামিনে আছেন। সোয়া ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৪ অগাস্ট দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ এ মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পরের বছরের মার্চ মাসে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদক কর্মকর্তা শাহীন আরা মমতাজ।
সেখানে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ নিজেদের দখলে রাখার অভিযোগ আনা হয় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে। এরপর ২০২১ সালের ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।ওয়েস্টিন হোটেলের প্রেসিডেনসিয়াল স্যুট এবং চেয়ারম্যান স্যুটসহ ২৫টি কক্ষে অবস্থান করে খাবার, মদ, স্পা, লন্ড্রি, বারের খরচ বাবদ তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল নগদে পরিশোধ করেন পাপিয়া।
ওয়েস্টিন হোটেলে থাকার সময় তিনি প্রায় ৪০ লাখ টাকার কেনাকাটা করেছেন, যার কোনো বৈধ উৎস তিনি তদন্তের সময় দেখাতে পারেননি।
এছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সময়ে মাসে ৫০ হাজার টাকা করে ৩০ লাখ টাকা বাসা ভাড়া দিয়েছেন। গাড়ির ব্যবসায় এক কোটি টাকা এবং নরসিংদীতে কেএমসি কার ওয়াশ সলিউশনে ২০ লাখ টাকা বিনিয়োগ করেছেন।









