নিউজ ডেস্ক।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
এটি বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সফরের ফাঁকে বৈঠক করলেও শুধু দ্বিপাক্ষিক বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেননি।
শনিবার বিকেলে ইসহাক দার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের আয়োজনকৃত অভ্যর্থনাসভায় অংশ নেবেন। বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ইসহাক দার।
বৈঠকে ২ দেশের রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জঙ্গিবাদ দমন, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়, সাংস্কৃতিক বিনিময় ও ভিসা অব্যাহতি বিষয় আলোচিত হবে। এছাড়া ছয়-সাতটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ক্ষতিপূরণ, পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন ও অন্যান্য উভয় দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।ইসহাক দারের ঢাকা সফর আগামী ২৪ আগস্ট রাতে শেষ হবে।
আমার দেশ ২৪ নিউজ।









