আমার দেশ ২৪ ডেস্ক।
রোববার, ২৪ আগস্ট, ২০২৫
সেগুনবাগিচায় হিসাব ভবনের ৭ নং ব্লকের দ্বিতীয় তলায় করিডোরে টাইলস ও ফলস সিলিং লাগানো এবং বিভিন্ন কক্ষে রং নবায়ন কাজের জন্য ১১ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে গত জুন মাসে। ৬ মার্চ দরপত্র গ্রহণ, ১৪ মার্চ চুক্তি সম্পাদন এবং ১৭ মার্চ-২০২৫ চুক্তিবাস্তবায়ন দেখিয়েছেন ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী। কিন্তু হিসাব ভবনের সংশ্লিøষ্ট ব্লকের কর্মকর্তা কর্মচারীরা জানান, গত মার্চ মাসে এ ধরনের কোনো কাজ হয়নি।
টাইলস এবং ফলস সিলিংয়ে কাজ হয়েছে কয়েক বছর আগে। সদ্য সমাপ্ত অর্থবছরে গণপূর্ত বিভাগ-৩ স্থাপনা মেরামত বা বার্ষিক ক্রয় পরিকল্পনার (এপিপি) মাধ্যমে ২১০টি কাজে ১১ কোটি টাকা ব্যয় করেছে, যার প্রায় এক তৃতীয়াংশই এ রকম কাজ না করে বা নামসর্বস্ব কাজ খাতা-কলমে দেখিয়ে বিল পরিশোধ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট উপ-বিভাগীয় ও অন্য প্রকৌশলীরা ঠিকাদারের সঙ্গে যোগসাজশে কাজ না করে বিল দেওয়া অর্থ ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন এভাবে মে ও জুন মাসে তড়িঘড়ি করে গণপূর্ত অধিদফতর ঢাকা জোন ও ঢাকা মেট্রোপলিটন জোনের বিভিন্ন বিভাগে ২০০ কোটি টাকারও বেশি খরচ দেখানো হয়েছে ভবন মেরামত, রং করাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন দেখিয়ে।









