আমার দেশ ২৪ ডেস্ক।
রবিবার ২৪ আগস্ট ২০২৫
কক্সবাজার জেলার বিভিন্ন স্থানের রোহিঙ্গারা ভুয়া তথ্য দেওয়াসহ নানাভাবে জালিয়াতর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র—এনআইডি বা নাগরিকত্বের সনদপত্র নিয়ে ‘বাংলাদেশি নাগরিক’ বনে যাচ্ছে। তারা বাংলাদেশের নাগরিক হয়ে আবার পাসপোর্টও করছে। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে। অনেক ক্ষেত্রে পুলিশ এসব কাণ্ডে যুক্ত রোহিঙ্গাদের গ্রেপ্তার করলেও সেই রোহিঙ্গারা জেল থেকে মুক্ত হয়ে আবারও অর্থের লোভে পড়ে জালিয়াতচক্রে যুক্ত হয়ে একই অপরাধে জড়াচ্ছে।
জানা গেছে, এ ধরনের একজন অপরাধী রোহিঙ্গা হাফেজ আহমদ (৫০)। কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলি সাত্তারের ঘোনা এলাকার বাসিন্দা তিনি। ভুয়া তথ্য দিয়ে ও নানা জাল-জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন ও সর্বশেষ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছিলেন। তা ধরা পড়লে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
এসংক্রান্ত মামলায় ছয় মাস কারাগারে ছিলেন তিনিসহ সাত রোহিঙ্গা। মামলায় কারাভোগের পরও রোহিঙ্গা হাফেজ দমে যাননি। জালিয়াতিতে অদম্য থেকে পরিবারের অন্য সব সদস্যসহ আরো রোহিঙ্গার এনআইডিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ তৈরি করে তাদের বাংলাদেশি নাগরিক হিসাবে তালিকাভুক্তির কাজে আরো জড়িয়ে পড়েন। জানা গেছে, জেল খাটার পরও রোহিঙ্গা হাফেজ তাঁর মেয়ে জান্নাত আরার নামেও একইভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি নম্বর-৯১৭৯০৯৯৭৪৩) বের করেন।
মেয়ের পাসপোর্ট করানোর জন্য হাফেজ ধরা পড়ার ভয়ে কক্সবাজার পাসপোর্ট অফিসে যাননি। তবে নোয়াখালী জেলা পাসপোর্ট অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট ডেলিভারির স্লিপও নেন। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এটি জব্দ করে।
জানা গেছে, হাফেজ আহমদ জন্ম সূত্রে রোহিঙ্গা। বেশ কয়েক বছর আগে কক্সবাজার শহরে এসে বসবাস করতে থাকেন।









