নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কর্ণফুলীতে শিলপাটা দিয়ে স্ত্রীকে হত্যা : স্বামী গ্রেপ্তার ।

নিজস্ব প্রতিবেদক।

কর্ণফুলীতে গার্মেন্টস কর্মী কুলসুমা বেগম (৪০) হত্যা মামলার পলাতক আসামি ও ঘাতক স্বামী মো. আজিজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার ভোরে বান্দরবানের লামা থানার মাস্টার পাড়া এলাকায় র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার হয়।

এর আগে গত ৩০ জুলাই রাতে চরপাথরঘাটার ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর কলহের জেরে আজিজ মিয়া শিলপাটা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কুলসুমাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা (নম্বর-৩১) দায়ের করেন। এরপর থেকে প্রধান আসামি আজিজ পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে তার অবস্থান শনাক্ত করে। অবশেষে যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আজিজ বান্দরবানের আলীকদম উপজেলার দক্ষিণ পূর্ব পালং পাড়ার নুরুল হকের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলেন। দম্পতির সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, শিলপাটা দিয়ে স্ত্রীকে হত্যা করা সেই ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

 

আরও পড়ুন