নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, কর্ণফুলীতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদক।

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফকিরনীরহাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুটি মুদির দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদবিহীন ও নষ্ট/বাসি মিষ্টি এবং জন্মদিনের কেক বিক্রির উদ্দেশ্যে রাখার কারণে শাহ জালাল সুইটসকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে কর্ণফুলী ফুড জোন নামক একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কেউ যেন নকল, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” অভিযানে কর্ণফুলী থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে।

 

আরও পড়ুন