নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আইন প্রয়োগে নয়, মানায় সৌন্দর্য: ডিআইজি রেজাউল।

 

নিউজ ডেস্ক:
রবিবার, ১ জুন, ২০২৫
দীর্ঘ প্রায় দশ মাস বন্ধ থাকার পর শনিবার বিকেলে কুষ্টিয়া মডেল থানার পুনরায় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানার নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি বলেন, আইন প্রয়োগের মধ্যে কোনো সৌন্দর্য নেই, বরং আইন মানার মাঝেই সৌন্দর্য নিহিত। পুলিশের পক্ষে সকল মানুষকে সন্তুষ্ট করা খুবই কঠিন। আল্লাহ কাউকে যদি ঐশ্বরিক ক্ষমতা দেন, তবেই হয়তো তা সম্ভব।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের দ্বারা কোনো অপরাধ সংঘটিত হলে তা ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে, গোটা প্রতিষ্ঠানকে দায়ী করা উচিত নয়। আমাদের কাজ করতে গিয়ে ভুল হতে পারে। তবে যদি ইচ্ছাকৃতভাবে কেউ ভুল করে, তাহলে সেখানে আমাদের সহনশীলতা নেই।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতা কুষ্টিয়া মডেল থানায় অগ্নিসংযোগ করে। এতে থানার দ্বিতল ভবন পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর পুলিশ অস্থায়ীভাবে সদর ফাঁড়িতে কার্যক্রম চালু করে। প্রায় এক বছর পর সংস্কার, রং ও মেরামতের মাধ্যমে থানাটি পুনরায় সচল হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে থানার চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমীর হামজা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়ের রিপন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুস্তাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, নাগরিক কমিটির প্রতিনিধি আলমাস মামুন প্রমুখ।

 

আরও পড়ুন