আমারদেশ২৪ নিউজ।
বুধবার, ২৫ জুন, ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু-মিছিল অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন। এর আগের দিন মঙ্গলবার মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৩৯৪ জন। যা ছিল এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
বুধবার স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে ডেঙ্গুুতে মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে এই মাসেই মৃত্যু হয়েছে ১৩ জনের। আর এবছরে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে এই মাসেই আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৮ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন এবং সিলেট বিভাগে(সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৭ হাজার ৭৪৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।









