আমারদেশ২৪ নিউজ।
শুক্রবার , ২৭ জুন, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই মেয়াদের (১০ বছর) বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এতে ঐকমত্য আছে। এই প্রস্তাবনা বিএনপি ৮ বছর আগে দিয়েছে। খবর বাসসের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, যারা এখন নতুনভাবে সংস্কারের কথা বলছে, তারা এখন এই কথা বলছে। আমরা ভিশন ২০৩০–এর মধ্যেই বলেছি দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে ঐকমত্য না থাকার কোনও কারণ নেই।
মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে আমীর খসরু বলেন, সবার আগে নির্বাচন। এটি নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে, এজন্য সবার একটা প্রস্তুতি আছে। যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে সবাই স্বস্তি বোধ করবে। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে।
তিনি বলেন, দেশে আমাদের শ্রমিকদের সমস্যা ও অধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কাজ করে। তাই বাংলাদেশের শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের পরিকল্পনার বিষয়ে তারা জানতে চেয়েছে। আগামী দিনের পার্লামেন্টকে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করতে চায় উল্লেখ আশ্বস্ত করেছে। এছাড়াও বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার বিষয়টিও বৈঠকে উঠে এসেছে।









