প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হুদাকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুক্রবার (২৭ জুন) এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন রাজধানীর শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়।
এর আগে এই মামলায় পুলিশ গত সোমবার নূরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল। সেদিন শুনানি নিয়ে নূরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে অনিয়ম-কারচুপির অভিযোগে গত রোববারই সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনকে আসামি করে মামলা করে বিএনপি। আওয়ামী লীগের সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার হলেন, কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল।









