নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

আসছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি।

স্পোটস ডেস্ক:
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
দেশের সবচেয়ে জনপ্রিয় শহরগুলোর একটি হলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেই নোয়াখালী। দীর্ঘদিন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার অপেক্ষায় তারা। সেই প্রহর অবশেষে ফুরোতে যাচ্ছে। বিপিএলে নতুন মৌসুমে দলের মালিকানা পেতে পারে নোয়াখালী রয়্যালস। বিপিএলে অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে তারা আবেদন জমা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।
বিপিএলের আগামী আসর ডিসেম্বর-জানুয়ারির দিকে মাঠে গড়ানোর কথা। চূড়ান্ত গাইডলাইন পেতে সোমবার বিসিবির সভায় এই নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচনা শুরুর আগেই আলোড়ন ফেলে দিয়েছে শায়ানস গ্লোবাল নামের প্রতিষ্ঠান। আসন্ন বিপিএলে নোয়াখালী থেকে দল নেওয়ার দৌড়ে আছে প্রতিষ্ঠানটি। গত মাসের ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেয়া এক চিঠিতে শায়ানস গ্লোবাল জানায়, বিপিএলে দল নেওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। এ ছাড়া বিপিএলের সব প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ হওয়ার আবেদন জানিয়েছে তারা। যদিও এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।
বিপিএলের ১১তম আসরে ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসার কথা ছিল এমনিতেও। ফারুক আহমেদের নেতৃত্বে আয়োজিত সর্বশেষ বিপিএলে অনিয়ম-বিশৃঙ্খলা যেন মাত্রা ছাড়িয়েছিল। দুয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয়ছয়ের অভিযোগ ওঠে।
গত বছরের পাঁচ আগস্ট-পরবর্তী অবস্থায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বড় পরিবর্তন আসে। আগের টুর্নামেন্টের সর্বোচ্চসংখ্যক শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স গতবারের আসর থেকে নিজেদের সরিয়ে নেয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা ডমিনেটর্সও এই আসরে ছিল না। ওই ৩ দলের পরিবর্তে চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি হিসেবে যোগ দেয়। তবে দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংসের বিরুদ্ধে আসর শেষে পারিশ্রমিক নিয়ে অসংখ্য অভিযোগ ওঠে। সবচেয়ে বড় অভিযোগ ছিল রাজশাহীর বিরুদ্ধে। টুর্নামেন্টের ১০টি খেলা শেষের পরেও প্রতিশ্রুত পারিশ্রমিক না দেয়ায় দলটির বিদেশি খেলোয়াড়রা মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল। ফলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি ছাড়াই মাঠে নামতে হয়েছিল রাজশাহীকে। পারিশ্রমিকসংক্রান্ত সমস্যা টুর্নামেন্টের পরেও শেষ হয়নি। ফলে ফ্র্যাঞ্চাইজি মালিককে আইনের আওতায় আনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে চিটাগং কিংসের খেলোয়াড়রাও ফ্র্যাঞ্চাইজি নিয়ে অভিযোগ তুলেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে দলটির মালিকপক্ষ।

আরও পড়ুন