নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

অস্ত্রের মুখে জিম্মি ৯ ভরি ওজনের সোনার গহনা ২২ হাজার টাকা লুট।

সাতক্ষীরার কালীগঞ্জে এক পরিবারের ৩ সদস্যকে কুপিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটকরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে আহতদের শনিবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের সীতানাথ কর্মকারের ছেলে মধুসুধন কর্মকার জানান, শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে তিনি ও তার স্ত্রী স্বরস্বতী রানী কর্মকার ঘুমিয়ে পড়েন। গভীর রাত ১টার দিকে বারান্দায় গ্রীলের শব্দ শুনে তিনি ঘরের দরজা খোলেন। এ সময় বারান্দার গেটের তালা ভেঙে ৫/৬ জন মুখোশ পরা দুর্বৃত্ত ঘরের মধ্যে ঢুকে পড়ে। তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তার বাম হাতের দুটি স্থানে ছুরি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় স্ত্রী সরস্বতী তাকে রক্ষায় এগিয়ে এলে তার বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয়।
তিনি বলেন, ‘এরপর দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করে শোকেসের তালা ভেঙে ৯ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকা নিয়ে চলে যায়।’
মধুসুধন কর্মকারের ভাই স্কুল শিক্ষক মহাদেব কর্মকার জানান, ভাইয়ের বাড়ির চিৎকার শুনে দরজা খুলে বারান্দায় আসতেই ৫/৬ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত লোক তাকে ঘিরে ফেলে। ঘরে ঢুকতে বাধা দেওয়ায় তার বাম হাতে, বাম কানে, গলা ও কপালে ছুরি দিয়ে খুচিয়ে জখম করে। এ সময় গ্রামবাসী আসছে বুঝতে পেরে তারা দ্রুত পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া একটি মানি ব্যাগ ও এক জোড়া চটি জুতা উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন