নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গায়ানার প্রভিডেন্সে যেন ব্যাট-বলের রাজা হয়ে ফিরলেন সাকিব আল হাসান।

 স্পোর্টস ডেস্ক।
 শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
একই দিনে ২ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব- কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যপট। গায়ানার প্রভিডেন্সে যেন ব্যাট-বলের রাজা হয়ে ফিরলেন সাকিব আল হাসান

অন্যদিকে ক্যান্ডির মাঠে বাংলাদেশের জাতীয় দল আবারও হার মানল চেনা ভুলে। গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট করতে নেমে ৩৭ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন সাকিব। একের পর এক চার-ছক্কায় গুঁড়িয়ে দেন প্রতিপক্ষের বোলিং।

পরিস্থিতি যখন টালমাটাল, তখন এই ইনিংসটা ছিল একদম ‘রেসকিউ মিশন’। কিন্তু এখানেই শেষ নয়। বল হাতেও সাকিব দেখালেন নিজের চেনা কারিশমা- প্রথম ওভারেই ২ উইকেট, শেষ পর্যন্ত ৪ ওভারে ১৩ রানে ৪ উইকেট! ১২ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টিতে আবারও ফিফটি আর চার উইকেট একসঙ্গে পেলেন এই কিংবদন্তি। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে ২২ রানের ম্যাচ জিতে নেয় দুবাই।

আর ঠিক তখনই, আরেক মঞ্চে, আরেক দলে… মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ। তিন ফরম্যাটেই সিরিজের প্রথম ম্যাচ হারের সেই ধারা এবার চলল টি-টোয়েন্টিতেও। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৫৪ রানের মাঝারি পুঁজি নিয়েও দেখা গেল না কোনো লড়াই। টাইগার বোলাররা যেন দাঁড়াতেই পারলেন না পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিসের সামনে। ১৯তম ওভারেই জয় তুলে নিল লঙ্কানরা। তবে খেলা একপ্রকার শেষ হয়ে গিয়েছে পাওয়ারপ্লেতে। রেকর্ড ৮৩ রান তুলেছে লংকানরা।  তাসকিন, তানজিম ছিলেন খরুচে, স্পিনাররা নিয়ন্ত্রিত হলেও ছিলেন নিষ্প্রভ।

এই দুই ছবির ফারাক কেবল পারফরম্যান্সে নয়, মানসিকতা আর নেতৃত্বেও। সাকিব বিদেশের মাটিতে দেখাচ্ছেন পরিণত পেশাদারিত্বের দৃষ্টান্ত, আর জাতীয় দল যেন হারিয়ে ফেলেছে আত্মবিশ্বাস, হারিয়ে ফেলেছে পরিকল্পনা। দিনের শেষে প্রশ্নটা তাই বড় হয়ে সামনে আসে- যখন সাকিব ম্যাচ বদলে দেন একাই, তখন জাতীয় দল কেন পারেনা একটি সম্মিলিত লড়াই দিতেও? এই হারের দায়ভার কে নেবে? আর কতকাল অপেক্ষা করতে হবে সেই দিনটির জন্য- যখন আবার গর্ব করে বলা যাবে, “এটাই বাংলাদেশ!

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন