নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নিজস্ব প্রতিবেদক।
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সুর, সাহিত্য ও সংস্কৃতির অপরূপ সম্মিলন; বাংলার প্রাণের উৎসব উদযাপন করল বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কেহা কিকুল ইসলাম খোকন, আন্তর্জাতিক ডেক্স:
নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে উদ্ভাসিত হয়ে, প্রবাসে বাংলার প্রাণের উৎসব উদযাপন করল বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্ক। বাংলা নববর্ষ-১৪৩২ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে ২৭ জুন ২০২৫, শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে কনস্যুলেটের নিজস্ব মিলনায়তনে (৩১-১০ ৩৭তম এভিনিউ, স্যুইট #২০১, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কনস্যুলেট নিউইয়র্কের হেড অব চ্যান্সারি ও কাউন্সিলর ইশরাত জাহান। শুভেচ্ছা বক্তব্যে কনসাল জেনারেল এম. মোজাম্মেল হক প্রবাসীদের নববর্ষ ও সাহিত্য দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন—”নতুন বছর আমাদের কাছে আশার নতুন আলো, প্রেরণার নতুন উৎস হয়ে আসে। প্রাচীন ঐতিহ্যে গড়া আমাদের এই উৎসব শুধু একটি বর্ষবরণ নয়, এটি এক চেতনার বহিঃপ্রকাশ—যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি বাঙালি মিলিত হয় আনন্দে।”
উৎসবের প্রাণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নন্দিত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, রেশমী মির্জা, তমা সাহা ও বাউল সুরের ধারক-প্রচারক শাহীন হোসেন একে একে পরিবেশন করেন রবীন্দ্র ও নজরুল সংগীত, লোকসংগীত ও আবহমান বাংলার সুরেলা ধারাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী সাংবাদিক, কবি-সাহিত্যিক, কমিউনিটির বিশিষ্টজন ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের জন্য ছিল এক বর্ণাঢ্য নৈশভোজ—যেখানে পরিবেশিত হয় বাঙালি খাবারের বৈচিত্র্যময় ও রুচিশীল আয়োজন। অংশগ্রহণকারীরা কনস্যুলেটের এই আন্তরিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
বাংলা নববর্ষ আর সাহিত্যদ্বয় রবীন্দ্র-নজরুল—দুইয়ের সম্মিলন যেন প্রাণ জুড়িয়ে দেওয়া এক শিল্প-সাংস্কৃতিক সন্ধ্যা। নিউইয়র্কের প্রবাসী বাঙালিদের জন্য এটি ছিল আনন্দ, ঐক্য ও আত্মপরিচয়ের এক দুর্লভ মিলনমেলা।









