রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাদিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চট্টগ্রাম মহানগর শাখার নেত্রী ফাতেমা খানম লিজা।আজ শুক্রবার রাত ১০টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন। গণমাধ্যমের কাছে পরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাতেমা খানম লিজা বৈছাআ চট্টগ্রাম মহানগর শাখার মুখপাত্র ছিলেন। গত ১৭ মে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে ২৪ মে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।
পদত্যাগ নিয়ে ফেসবুক লাইভে লিজা বলেন, রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পথ থেকে সরে দাঁড়ালে তার স্থানে কেউ না কেউ এসে দাঁড়ায়, হয়তো আরও যোগ্য, আরও প্রতিশ্রুতিবদ্ধ একজন। আজ আমি, ফাতেমা খানম লিজা, আনুষ্ঠানিকভাবে জানাচ্ছি যে, আমি এই রাজনৈতিক পথ থেকে সরে দাঁড়াচ্ছি। তবে আমি বিশ্বাস করি, আমার পরে কেউ না কেউ এই পথ চলবে। তবে বিশেষ করে চট্টগ্রামের নারী রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, আমি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে এসেছিলাম, হয়তো তার সবটুকু পূরণ করতে পারিনি। কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। শহিদদের প্রতি আমি আজও অবিচল শ্রদ্ধাশীল। আমি গর্ব করে বলতে পারি, আমার অবস্থান ছিল স্বচ্ছ, অন্তরের ভেতরেও, চেতনার গভীরেও।তখন যদি তার দলীয় ভাইয়েরাই তাকে হেয় করে, নোংরামি করে, তবে সেই জায়গায় তার জন্য রাজনীতি করার পরিবেশ থাকে না। এটাই সবচেয়ে বেদনার।









