আমারদেশ২৪ ডেস্ক।
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ও উৎসবের আয়োজন করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় সরেজমিনে এই চিত্র দেখা গেছে।
এই জনসমাবেশে যেন বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। কখনও মেঘলা আকাশে আড়াল হয় সূর্য, কখনও হঠাৎ ছিটে পড়ে জলকণা। তবে এতে দমে যায়নি জনতা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।
দেখা যায়, যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার নিজেদের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে।









