এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতো বিএনপিও নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপির নীলনকশা তৈরি করছে
গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে জেলা এনসিপির আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগ দিয়ে নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। জনগণ যাদের লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরই বিভিন্ন দপ্তরের প্রশাসক হিসেবে বসাচ্ছে। অতীতে ভোটাধিকার হরণের যে সংস্কৃতি ছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত রাখার দাবি জানান তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তিনি যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
amardesh24.com









