গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারকরা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া, অর্থাৎ প্রায় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মো. আরিফ কাজীর স্ত্রী মোছা. রোজি বেগম (৫০), একই এলাকার নিশি আক্তার (৪২) এবং উত্তর দৌলতদিয়া বাজার এলাকার আখের আলী (৩২)।
পুলিশ জানায়, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮(ক), ৮(খ) ও ৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশের ভাষ্য, রোজি বেগম দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। এর আগে মাদকসহ একাধিকবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
amardesh24.com









