স্বর্ণের দামে নতুন কোনো পরিবর্তন আসেনি,আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ ঘোষিত মূল্যতালিকাই কার্যকর রয়েছে। ফলে ৩১ জুলাই নির্ধারিত দামেই দেশের বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ৩১ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যতালিকাই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে অতিরিক্ত মজুরি যুক্ত হতে পারে। একই সঙ্গে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ২৮ জুলাই ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে মাত্র তিন দিন পর, ৩১ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দর কার্যকর করে বাজুস।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল মোট ৯৩ বার।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা। চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ৬০ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে।
amardesh24.com









