আবারও বেড়েছে স্বর্ণের দাম, এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দাম ঘোষণা করেছে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এ কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
এর আগে সর্বশেষ গত ৭ আগস্ট সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এক দিনের ব্যবধানেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা এলো।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
amardesh24.com









