লোহাগড়া উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ইসলাম শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইসলাম শেখ ওই গ্রামের বজলু শেখের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে রঘুনাথপুর কবরস্থান এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত ইসলাম শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন রঘুনাথপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (২২), মৃত হোসেন শেখের ছেলে সোহেল শেখ (৩৬), মাসুদ মোল্যার ছেলে নাছিম মোল্যা (১৭), মৃত গোলাম মওলার ছেলে সাবাবুল শেখ (৬০), একই পিতার ছেলে শহিদুল ইসলাম আঙ্গুরী (৪০) এবং দাউদ শেখের ছেলে রমজান শেখ (২০)।
লোহাগড়া বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, নিহত ইসলাম শেখের ময়নাতদন্ত নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আসর বাদ তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মাত্র ২ দিনের ব্যবধানে উপজেলার দুটি ইউনিয়নে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
amardesh24.com









