পবিত্র হজ পালনে আগ্রহীদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ করতে হবে। এই সময়সীমার পর আর নিবন্ধনের মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় জানায়, গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে। নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে হজে যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত যাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।হজের নিবন্ধন ও এ সংক্রান্তি বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
amardesh24.com









