বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা, মামলাটির অন্যতম আসামি মোজাফফরকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে এসেছে।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মোজাফফর হোসেনকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদ শেষে প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ একটি বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান, এর দুদিন পর, অর্থাৎ ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর।
তিনি আরও জানান, তদন্ত সংস্থার মুখোমুখি হয়ে আসামি মোজাফফর হোসেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। জিজ্ঞাসাবাদের ধারা অব্যাহত রাখতে সোমবারও তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঘটনার ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে রয়েছেন। ঐ ঘটনার বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
amardesh24.com









