নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম।
চট্টগ্রামের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে আটক করেছে পুলিশ, গতকাল বুধবার দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম বলেন, পুলিশের কাছে তথ্য ছিল কক্সবাজার থেকে একটি ট্রাক মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাবে।
পরে ট্রাকটি আটকাতে ডাবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ডিটি রোডে অবস্থিত দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে একটি ট্রাক সেখানে পৌঁছে। এরপর গোয়েন্দা পুলিশ টিম ট্রাকটি আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে বানানো চেম্বারে লুকানো তিন লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাক চালককে আটক করা হয়।
ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।আটক চালক ৪৫ বছর বয়সি রুহুল আমিন পাবনার আতাইকুল থানার ধর্মগ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।
amardesh24.com








