দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আবারও রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আগে যেভাবে রাজপথে নেমেছিলেন, এবারও একইভাবে মাঠে নেমেছেন তারা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আসন্ন গণবিক্ষোভ কর্মসূচি সামনে রেখে এ আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি সরকারকে ধরা যাবে, ছোঁয়া যাবে। তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা যাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি পুনর্গঠিত হয়েছে। আমরা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছি। সকালে আমাদের পুনর্গঠিত প্রস্তুতি কমিটি প্রকাশ হয়েছে। বিকেলে আপনারা আমাদের রাজপথে দেখতে পেয়েছেন।’
গত ১৭ বছরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না বলে বাংলাদেশের মানুষ যখন হাল ছেড়ে দিয়েছিল, তখন তারা আবার রাজপথে নেমেছিলেন বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছিলাম এবং বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছিলাম, বাংলাদেশের মানুষের সামনে যখনই কোনো অন্যায়-অবিচার নেমে আসে, সেটা বাংলাদেশের মানুষ কখনো সহ্য করে না, ভবিষ্যতেও করবে না।’
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা দেখেছিলাম, এই সরকার নির্বাচনের পরে ক্ষমতায় আসার পর আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে দলীয়করণ করা হবে না, সবকিছু ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হবে। জনগণের কল্যাণে একটি রাষ্ট্র গঠন হবে। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। আমরা যখন মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষ আমাদের বলেছে, সরকার আমাদের পেটে লাথি দেওয়ার চেষ্টা করেছে।’
তিনি বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের আগে নেমে এসেছিলাম, এবারও সেভাবে নেমে এসেছি। এই সময়ে অনেক রাজনৈতিক দল ও বিভিন্ন ব্যক্তিবর্গ হাল ছেড়ে দিয়েছেন। তারা মনে করছেন, এই সরকারকে কিছু করা যাবে না, বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এই বিএনপি সরকারকে সবকিছুর জবাবদিহির আওতায় আনার উদ্দেশ্যে আমরা সেই অসম্ভবকে আবার সম্ভব করার জন্য মাঠে নেমে এসেছি।
amardesh24.com









