আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। অন্যবারের মতো রঙের ছটা ও উৎসবের আমেজ থাকলেও এবার ভিন্ন আয়োজনে বরণ করা হচ্ছে নববর্ষকে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নিয়েছেন হাজারো মানুষ।
এবারের আয়োজনে রাখা হয়েছে বিশেষ মোটিফ ফ্যাসিস্টের মুখাবয়ব। এছাড়া এর সঙ্গে দেখা গেছে জুলাই আন্দোলনে নিহত মীর মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফ।

সরেজমিনে দেখা গেছে, শোভাযাত্রার জন্য চারুকলার সামনে মুখাবয়বটি রাখা হয়েছে। যা উপস্থিত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেককে বেশ আগ্রহ নিয়ে ছবি তুলতেও দেখা গেছে। এর সঙ্গে সবার দৃষ্টি কেড়েছে ‘পানি লাগবে পানি’ এবং ইলিশ মাছের মোটিফ।
অন্যদিকে, শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে চারুকলার সামনে হাজারো মানুষ জড়ো হয়। আবালবৃদ্ধবনিতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে চারুকলা ও টিএসসি চত্বরে তৈরি হয় উৎসবের আমেজ।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়।









