আমারদেশ২৪ ডেস্ক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং যুব ঋণ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে।
আজ শনিবার নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন এবং ১০টি জেলার ১৩টি উপজেলার মিনি স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধনের পর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ চালু হয়েছে। উদ্যোক্তা সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিডা এবং আইসিটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত প্রায় দেড়শ’ উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে বাকি উপজেলাগুলোতেও স্টেডিয়াম নির্মাণ করা হবে। এসব স্টেডিয়াম সচল রাখতে স্থানীয় ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।









