কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে একজন করে সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে।
গতকাল রোববার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মে’র মধ্যে ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
সার্কুলারে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন কোন পশুর হাটে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর ঢাকার বাইরে বিভিন্ন পশুর হাটের দায়িত্ব বণ্টন করবে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস। যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে দায়িত্ব সমন্বয়ের কাজ করবে Sonali Bank PLC।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের রাত পর্যন্ত অনুমোদিত পশুর হাটগুলোতে বিরতিহীনভাবে নোট যাচাই সেবা চালু রাখতে হবে। পাশাপাশি সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সিটি করপোরেশন,
জেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।এ ছাড়া, জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আমারদেশ২৪ নিউজ।








