বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করা হলেও জাতীয় নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকরের যে প্রস্তাব তাতে জোর আপত্তি জানিয়েছে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফায় দীর্ঘ আলোচনার ভিত্তিতেই এ খসড়া চূড়ান্ত করা হয়। এই অধ্যাদেশে বিশেষ সাংবিধানিক অঙ্গীকার যা অন্য সব আইন ও আদালতের রায়ের ঊর্ধ্বে ‘জুলাই সনদের’ সর্বোচ্চ আইনগত প্রাধান্য নিশ্চিত করার কথা উল্লেখ থাকবে। দলগুলোর নেতারা বলছেন কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের ওপরে স্থান পেতে পারে না।
কারণ সংবিধান হচ্ছে সব আইনের ওপরে। জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেওয়া হলে এটি খারাপ নজির তৈরি হবে এবং ভবিষ্যতে উচ্চ আদালতে গেলে তা বাতিল হওয়ার আশঙ্কা থাকবে। তা ছাড়া এ সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বেশিরভাগ দল। সনদের চূড়ান্ত খসড়ায় বেশ কিছু অসামঞ্জস্য থাকায় এতে সব দল স্বাক্ষর করবে কি না তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ফলে ভোটের আগে সনদ বাস্তবায়নের উপায় খুঁজে পাচ্ছে না ঐকমত্য কমিশন।









