চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নওগাঁ জেলার জেলা প্রশাসক মো, আব্দুল আউয়াল। অন্যদিকে বর্তমান জেলা প্রশাসক ফরিদা খানমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ২ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর ডিসি মো, আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মো, আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া অন্য এক প্রজ্ঞাপনে নরসিংদীর জেলা প্রশাসক মো, রাশেদ হোসেন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হয়েছে।উল্লেখ্য, ফরিদা খানম গত বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হন এবং ১২ সেপ্টেম্বর যোগ দিয়ে ইতিহাসের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।









