আমারদেশ২৪ ডেস্ক।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
চব্বিশের গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে এ মামলায় প্রডাকশন ওয়ারেন্টে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনালে বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় সাতজনকে হত্যা করা হয়। সেইসঙ্গে আহত হন বেশ কয়েকজন। সে মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনে জমা দিয়েছে।
অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর দুটি ফোন কথোপকথন রেকর্ড বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ উপস্থাপন করা হয়। রেকর্ডে দেখা যায়, তারা আন্দোলন মোকাবিলায় বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চলা ওই মামলায় উপস্থাপিত সেই কল রেকর্ডে শোনা যায়-
হাসানুল হক ইনু: হ্যালো, জি জি স্লামালাইকুম।
শেখ হাসিনা: হ্যাঁ, ওয়ালাইকুমস্লাম, কী হইছে?
হাসানুল হক ইনু: বলছিলাম… না একটা কথা… আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আরকি। খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং…।
শেখ হাসিনা: না রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় একটু ঝামেলা এখন আছে…।
হাসানুল হক ইনু: শনির আখড়ায় কিছু মোল্লারাই…।
শেখ হাসিনা: হ্যাঁ জানি, না খালি মোল্লা না, ওইখানে অনেক মাদ্রাসা।
হাসানুল হক ইনু: মাদ্রাসা আছে ওই…।
শেখ হাসিনা: … ব্যবস্থা নেওয়া হচ্ছে… মাইকিং করতে হচ্ছে আরকি… নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে, আমরা… নামাচ্ছি।
হাসানুল হক ইনু: ও আচ্ছা…।
শেখ হাসিনা: না, আমি বলছি ক্যাজুয়াল্টির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, তখন দুপাশ দিয়ে ধরবে… মেসেজটা দিয়ে দিতে পারেন যে… সেনা পাঠানো হচ্ছে… আর হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে… র্যাবের হেলিকপ্টার দিয়ে ওপর দিয়ে মারবে।
হাসানুল হক ইনু: আচ্ছা ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আরকি, ঠিকাছে… আমি একটা পয়েন্ট আপনাকে একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে, কারফিউ ধরেন দুই-পাঁচ দিন যা চলল, চলল; কিন্তু কারফিউয়ের পর যেন আর মিছিল না নামতে পারে সেজন্য একট হোমওয়ার্ক করতে, করা দরকার যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়ীতে যারা মিছিল লিড করছে সেইগুলা চিহ্নিত আরকি… ছাত্রদল, বিএনপির ছেলে-মেয়ে, ছেলেরা, শিবিরের… মানে ধরেন রিজভীকে এরেস্ট করা বা রুহুলকে এরেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে, আমি কুষ্টিয়া জেলাতে, ওখানে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে। ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছররা গুলি খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে। ম্যানেজ করছে। উনি অলরেডি কম্পিউটারে ছবি দেখে দেখে ছেলেগুলার তালিকা করছে। তা আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভেতরে পিকআপ করে নাও।
শেখ হাসিনা: হ্যাঁ শিওর।









