আমারদেশ২৪ ডেস্ক।
সোমবার ৬ অক্টোবর ২০২৫
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের আরও বেশি অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এদের বেশিরভাগই তরুণ। দেশের এই বিপুল জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের যোগাযোগ কৌশলগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। এ জন্য জাতীয় সংসদে আরও বেশিসংখ্যক নারীর প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে। তাদের নেতৃত্বদানের ক্ষমতাকে বিকশিত করতে হবে। দেশে নীতি নির্ধারণের পর্যায়ে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে।









