সাবেক সরকারগুলো ভোট চুরি করলেও বর্তমান সরকার নির্বাচনের পর ফলাফল চুরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, তারা একটি ভোটের মাধ্যমে সরকার গঠন করলেও পরবর্তীতে আরেকটি ভোটকে অস্বীকার করছেন। অথচ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’—এর পক্ষে রায় দিয়েছিলেন। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীও তার নির্বাচনি প্রচারণায় ‘হ্যাঁ’—এর পক্ষে ভোট চেয়ে পরবর্তীতে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
রোববার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাছিমদৌল্লাহ হিরু।
বিএনপির রাজনীতির সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা পড়েছিলাম ‘পথিক তুমি পথ হারিয়েছ’; এখন দেখছি বিএনপি তার পথ হারিয়েছে। কৃষ্ণনগরের এক রাজা যেমন মন্ত্রীর কুপরামর্শে পতন বরণ করেছিলেন, বিএনপি সরকারও তেমনি কিছু মন্ত্রীর কুপরামর্শে পথ হারানোর উপক্রম হয়েছে। এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে জনগণ বিকল্প বেছে নিতে বেশি সময় নেবে না।ভবিষ্যৎ প্রজন্মের ঝুঁকির কথা উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, মাথায় পচন শুরু হলে লেজও রেহাই পায় না। বর্তমানে যে পচন শুরু হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।
amardesh24.com









