সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠ করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে আজ বৃহস্পতিবার) সন্ধ্যায় এ কথা জানান।
এদিকে, সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কমিটি গঠনের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদ গঠিত কমিটি বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য হিসেবে থাকবেন— গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক (সদস্যসচিব), সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।
বন ও পরিবেশ উপদেষ্টা আরও জানান, প্রাথমিক প্রতিবেদনের বিষয়টি গণমাধ্যমকে বিস্তারিত জানানো না গেলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন গণমাধ্যমকে পুরোটাই জানানো হবে। যতদ্রুত সম্ভব এই প্রতিবেদন দেওয়া হবে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
অগ্নিকাণ্ডের বিষয়ে সরকার কি ধারণা করছে— এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার এভাবে ধারণা করতে পারে না। সরকার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। কারণ এটা আমাদের সকলের নিরাপত্তার বিষয় সচিবালয়। এখানে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিল থাকে। ফলে এ বিষয়টিকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে।









