বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র অবশেষে তার হাতে তুলে দিয়েছে সরকার।এর আগে বুধবার রাত ৯টার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তার গুলশানের বাসভবনে গিয়ে এসব কাগজ হস্তান্তর করেন।
এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, উপদেষ্টা ও কর্মকর্তারা প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। এটি মূলত এক সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ দিয়েছেন, তবে সেগুলো কী সংক্রান্ত তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
১৯৮১ সালের ৩১ মে জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত ওই বাড়ি বরাদ্দ দেয়া হয়। বাড়িটি খালেদা জিয়া গুলশানে ‘ফিরোজা’ নামের যে বাড়িতে থাকেন, সেটির কাছেই।
জানা গেছে, গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিয়ন্ত্রণে আছে। তবে তার নামে নামজারি করা ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বেগস খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয়।









