যুক্তরাজ্যে সফররত সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহা, ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আজ দুপুর ১টায় তারেক রহমান বাসা থেকে রওনা দেন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠকস্থল হোটেল ডোরচেস্টারে কড়া নিরাপত্তা ও কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার চলছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২ নেতার আলোচনায় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, নিরপেক্ষ নির্বাচন আয়োজন, রাজনৈতিক সংস্কার এবং ‘জুলাই চার্টার’ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “এই বৈঠকের নির্দিষ্ট কোনো ফরমেট নেই। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সংলাপ।” একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধান উপদেষ্টা অবস্থানরত হোটেলেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং তা সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে বলে নির্ধারিত।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় সম্ভাব্য সমাধানের পথ খুলে দিতে পারে। বৈঠক শেষে এক যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনের সম্ভাবনাও রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।









