নিজস্ব প্রতিবেদক: ঢাকা।
সৌদিতে গরমকাল শেষ হয়ে শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে ওমরা যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্তে ওমরা ভিসার মেয়াদ কমিয়ে ১ মাস করেছ। এর ফলে আরও বেশি মানুষ সৌদি আরবে এসে ওমরা পালনের সুযোগ পাবেন বলে আশা রাখছেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে আল-আরাবিয়া আজ শুক্রবার জানায়, নতুন নিয়ম অনুযায়ী, ওমরা ভিসার মেয়াদ এখন তিন মাস থেকে এক মাসে সীমাবদ্ধ করা হয়েছে। ভিসা ইস্যু হওয়ার দিন থেকেই শুরু হবে এক মাসের মেয়াদ।
সৌদিতে হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, গত জুনের শুরু থেকে এখন পর্যন্ত দেশটি ৪০ লাখ বিদেশিকে ওমরা ভিসা প্রদান করেছে, যা মাত্র ৫ মাসের মধ্যে সর্বোচ্চ ভিসা ইস্যুর রেকর্ড।
আগামী সপ্তাহ থেকেই নতুন নিয়মটি কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, যদি ভিসাপ্রাপ্ত ব্যক্তি ৩০ দিনের মধ্যে সৌদিতে প্রবেশ না করেন, তাহলে তার ভিসা বাতিল হয়ে যাবে। তবে, কেউ যদি সৌদিতে প্রবেশ করেন, তাকে অবশ্যই ৩০ দিনের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে এমন নয়। শুধু তার ওমরা পালন করার সুযোগ থাকবে না, তবে ভিসার মেয়াদ অনুযায়ী তিনি সৌদিতে অবস্থান করতে পারবেন।









