আবারও নিজের নাম লিখলেন নতুন উচ্চতায় ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করেই ইতিহাস,এরপর আরও এক গোল, আর শেষদিকে একটুর জন্য হাতছাড়া হলো হ্যাটট্রিক। সব মিলিয়ে দাপুটে পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে পর্তুগাল।
যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ কে এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই জোয়াও ক্যানসেলোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলেই গড়ে ফেলেন অনন্য রেকর্ড, টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার তিনি।
১৭ মিনিটে নুনো মেন্ডেস ব্যবধান বাড়ান। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমলেও গোলের ধারা থামেনি। ৬০ মিনিটে উজবেকিস্তানের গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতে ব্যবধান হয় ৪-০। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করে স্কোরলাইন করেন ৫-০।
amardesh24.com








