রায় বাস্তবায়নের দাবি তুলে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্ সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও সংস্কারের পক্ষে গণভোটে মত প্রকাশ করলেও বিএনপি সেই রায় মেনে নিতে চায় না।
গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, দেশের জনগণ সরকার গঠনের পাশাপাশি সংস্কারের পক্ষেও ভোট দিয়েছে। সরকারের ভোট যদি বৈধ হিসেবে স্বীকৃতি পায়, তাহলে সংস্কারের ভোটকে কেন অবৈধ বলা হবে—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে। তার ভাষায়, বিএনপি ভোট মানে, কিন্তু গণভোট মানে না।
তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্র ও প্রশাসনকে একদলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করারও সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সরকার গঠনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলা হলেও এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে না।
amardesh24.com









