একটি বছর কিন্তু এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াব ও বিভীষিকাময় স্মৃতি।ঘটনার এক বছর পূর্ণ হলেও কালো দিনটির কথা ভুলতে পারেননি স্বজনহারা পরিবার, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রিয়জন হারানোর গভীর বেদনা আজও তাড়া করে বেড়াচ্ছে নিহতদের স্বজনদের।
ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল সোমবার মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গত বছর এই দিনে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার বেদনাবিধুর স্মৃতি স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।
কর্মসূচির প্রথম দিনে স্কুলের ১৬টি শাখায় একযোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিয়াবাড়ি ক্যাম্পাসে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আবেগঘন স্মৃতিচারণ ও আলোচনা সভা।
আনুষ্ঠানিকতা বা বাইরের অতিথিদের উপস্থিতি ছাড়াই সহপাঠীদের ভালোবাসা ও আবেগে দিনটি পালন করেন মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহতদের স্মরণে আমরা দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছি। প্রথম দিনে স্কুলের ১৬টি শাখায় শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিয়াবাড়ি ক্যাম্পাসে আহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করা হয়েছে। আজকের কর্মসূচিতে কোনো অভিভাবককে আমন্ত্রণ জানানো হয়নি। এটি মূলত শিক্ষার্থীদের নিয়েই আয়োজন করা হয়েছে।
amardesh24.com









