টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ ছাড়া উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।
টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কর্নেল হুমায়ুন কবির জানান, ভারী বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতায় ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে পর্যটক ও যানবাহনের চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় পাহাড় ধসে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি বসতঘর মাটিচাপা পড়ে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুজিয়া নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে টানা বৃষ্টির কারণে একটি আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড় ধসে পড়ে। এতে শিশুটি মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
amardesh24.com









