ব্যাংককগামী একটি উড়োজাহাজে ঘুমন্ত নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ৩ বছরের কারাদণ্ডদিয়েছেন থাইল্যান্ডের আদালত।কারাদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ ২০ হাজার বাত জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে তাঁর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী থাই নারী তাঁর চার বছর বয়সী মেয়েকে নিয়ে দুবাই থেকে ব্যাংককগামী ওই ফ্লাইটে ভ্রমণ করছিলেন। দুবাই থেকে বিমান ছাড়ার পর তিনি লক্ষ্য করেন, পাশে বসা যাত্রী তাঁর আসনের ওপর হাত রাখছেন। বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েন।
পরবর্তীতে স্পর্শ অনুভব করে তাঁর ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান যে ওই ব্যক্তি তাঁর শরীরের সংবেদনশীল অংশে হাত দিয়েছেন। পরবর্তীতে বিষয়টি বিমানে থাকা কেবিন ক্রুকে জানান ভুক্তভোগী নারী। কেবিন ক্রু জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে ক্ষমা চান।
তবে ক্ষমা সত্ত্বেও বিষয়টি মেনে না নিয়ে বিমান ব্যাংককে অবতরণের পর তিনি বিষয়টি পুলিশকে জানান। তদন্ত শেষে থাইল্যান্ডের আদালত আসামিকে কারাদণ্ড ও জরিমানার আদেশ প্রদান করেন।
amardesh24.com









