আন্তর্জাতিক ডেস্ক।
প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
আজ রোববার থেকে নতুন টার্মিনাল ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। তবে বিমানবন্দরটি ব্যবহারের বিষয়ে একই দিন নতুন করে সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
প্রতিবেদন অনুযায়ী, রোববার থেকে সৌদি বিমান সংস্থাগুলোর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হবে টার্মিনাল-১ দিয়ে। অন্যদিকে, এসব সংস্থার আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারণ করা হয়েছে টার্মিনাল-২।
গতকাল শনিবার যাত্রীদের উদ্দেশে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে টার্মিনাল-১ এবং সৌদি বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।
এদিকে, যেসব যাত্রীর টিকিট নিশ্চিত রয়েছে, তাঁদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বুকিংয়ের অবস্থা যাচাই করতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরুর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এটি ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেয় ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, বিমানবন্দরটি এখনো সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটিতে হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের এটি ব্যবহার না করার সতর্কবার্তা দেন তিনি। ফলে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা এলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, হুতিদের হামলার পর গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। হামলার দুই দিন পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়। প্রায় দুই সপ্তাহ পর আবারও ফ্লাইট পরিচালনার ঘোষণা দিল কর্তৃপক্ষ।
amardesh24.com









