স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।আজ রোববার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠন, দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে সুইডেন। দেশটির পার্লামেন্ট ব্যবস্থা এককক্ষবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সুইডেন ও বাংলাদেশের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার আরও বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন দুই দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের প্রতি অনুরাগী উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ জীবন দিতেও দ্বিধা করেননি। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
সংসদ স্পিকার বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশের ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এ দেশের জনগণ নিজের পছন্দসই দল ও প্রার্থীর পক্ষে ভোট দেন। ভোটাররা নিজেদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেন।’
amardesh24.com









