এবার চলাচলের রাস্তায় জোরদার ও ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কটিতে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত এবং মামলা দায়েরের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে বসানো এআই ক্যামেরার সাহায্যে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, উল্টোপথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংয়ের মতো অপরাধগুলো নজরদারি করা হবে।
আইন লঙ্ঘনের বিষয়টি ক্যামেরায় ধরা পড়ার সাথে সাথে সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হয়ে যাবে। পরবর্তীতে নিবন্ধিত যানবাহন মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জরিমানার তথ্য জানিয়ে দেওয়া হবে।
তথ্য পাওয়ার পর চালক বা মালিকেরা বিকাশ, নগদসহ যেকোনো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে অনলাইনে ঘরে বসেই জরিমানার টাকা পরিশোধের সুযোগ পাবেন।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট তথ্য দ্রুত সংরক্ষণ এবং জরিমানা আদায় প্রক্রিয়া স্বচ্ছ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয় নজরদারির ফলে চালকদের মধ্যে আইন মানার প্রবণতা বাড়বে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে হাইওয়ে পুলিশ।
amardesh24.com









