নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ সরকারের।

দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যো নেওয়া হয়েছে। বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সচিবালয়ে শুরু হয় সচিব সভা। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকটি শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। এতে ৬১ জনের বেশি সচিব অংশ নেন।

বৈঠকে অংশ নেওয়া এক সচিব জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মন্ত্রণালয় ও বিভাগগুলোতে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব ওই প্রস্তাব গ্রহণ করেন। পাশাপাশি দুদককে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে দুদক। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হতে পারে। কমিটিগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছে দুদক।

সম্প্রতি প্রশাসনে দুর্নীতি নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের একটি বক্তব্যও আলোচনায় আসে। ১৩ সেপ্টেম্বর ভোলায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমাদের…অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। এগুলো নানা ধরনের ঘুসখোরি, লুটপাট এসব করে; যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’

স্পিকারের ওই বক্তব্যের পর প্রশাসনে দুর্নীতির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সচিব সভাতেও বিষয়টি উঠে আসে। বৈঠকে কোনো কোনো সচিব মত দেন, বর্তমান বাস্তবতায় প্রশাসনে দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ অবস্থায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সচিব সভায় সরকারি চাকরির শূন্যপদ দ্রুত পূরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের বিষয়েও সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, সচিবদের এ বৈঠক মূলত অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাগিদ দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। কীভাবে কাজের দক্ষতা বাড়ানো যায় এবং কোন কাজ কীভাবে সম্পন্ন করতে হবে, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

amardesh24.com

আরও পড়ুন