বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
আজ শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার চরম অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাতি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাইয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হলো।
এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। এই কারণে পরীক্ষার্থীদের দ্রুত বিষয়টি জানাতে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের স্থানীয়ভাবে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা সময়মতো তথ্য জানতে পারেন।
এর আগে একই প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল। বর্তমানে বন্যার কারণে ওই অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
amardesh24.com









